জুলাই জাতীয় সনদ বাতিল চেয়ে রিটের শুনানি রোববার

জুলাই জাতীয় সনদ বাতিল এবং একে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট। আগামী ১ মার্চ (রোববার) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রিট আবেদনকারী আইনজীবীর পক্ষ থেকে শুনানির আরজি জানালে আদালত এই তারিখ নির্ধারণ করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি জনস্বার্থে এই রিট আবেদনটি দায়ের করা হয়। রিটে জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করার পাশাপাশি এর কার্যকারিতার ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে। রিট আবেদনে দাবি করা হয়েছে, এই সনদটি বাংলাদেশের সংবিধানের মূল কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক।

রিটে বিবাদী করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিলের দাবিতেও হাইকোর্টে পৃথক একটি রিট বিচারাধীন রয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ ওই রিটটি দায়ের করেছিলেন।

আগামী রোববার জুলাই জাতীয় সনদ সংক্রান্ত রিটের শুনানিতে আদালত কী আদেশ দেন, সেদিকেই এখন সবার নজর।