হাইকোর্ট থেকে পৃথক ৫টি মামলায় জামিন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সাবেক নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে নতুন একটি হত্যা মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়েছে। ফলে কারাগার থেকে তাঁর মুক্তির পথ আপাতত বন্ধ হয়ে গেল।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আইভীকে ৫টি মামলায় জামিন দিয়েছিলেন। কিন্তু মুক্তির প্রক্রিয়া শুরুর আগেই সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা একটি পুড়িয়ে হত্যা মামলায় তাঁকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডলকে পুড়িয়ে হত্যার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা (মামলা নম্বর ৪১) দায়ের করা হয়েছিল। ওই মামলাতেই ডা. আইভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আইভী ফতুল্লা থানার ৪টি হত্যা মামলা (বাসচালক আবুল হোসেন মিজি, আব্দুর রহমান, মো. ইয়াছিন ও পারভেজ হত্যা) এবং সদর মডেল থানায় পুলিশের ওপর হামলার একটি মামলায় জামিন পেয়েছিলেন। তবে নতুন এই শ্যোন অ্যারেস্টের ফলে তাঁর কারামুক্তি আটকে গেছে। বর্তমানে তাঁর বিরুদ্ধে মোট মামলার সংখ্যা দাঁড়িয়েছে ১১টিতে। এর মধ্যে ৫টি হত্যা মামলা বর্তমানে আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ৯ মে ভোররাতে দেওভোগের নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর থেকে তিনি ধাপে ধাপে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারেই রয়েছেন।