প্রতিবেশীর বিড়াল হত্যা, ঘাতকের ৬ মাসের কারাদণ্ড

রাজধানীর মোহাম্মদপুরে পোষা বিড়াল হত্যার ঘটনায় আসামি আকবর হোসেন শিবলুকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এর আদালত এই রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়েছে, জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। ফলে তার বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৫ ফেব্রুয়ারি পিপলস ফর এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পক্ষে নাফিসা নওরীন চৌধুরী ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। আদালত সেদিন বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে মোহাম্মদপুর থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন।

পরে তদন্ত শেষে পুলিশ প্রতিবেদনে জানায়, আসামি আকবর হোসেন শিবলুর বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এর ভিত্তিতে গত বছরের ১৪ জুলাই আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১ ফেব্রুয়ারি দুপুরে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের নবম তলার বাসিন্দা মনসুরের পোষা বিড়ালটি হঠাৎ নিখোঁজ হয়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আকবর হোসেন শিবলু বিড়ালটিকে ফুটবলের মতো লাথি মারছেন। লাথির আঘাতে বিড়ালটি নিথর হয়ে পড়ে থাকলেও তিনি পা দিয়ে চাপ দিয়ে তার মৃত্যু নিশ্চিত করেন।

ঘটনার পর বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রাণী নির্যাতনের অভিযোগে মামলাটি আদালতে গড়ায়।