শাপলা চত্বর হত্যাকাণ্ডে ঢাকায় ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে : চিফ প্রসিকিউটর

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো অভিযানে কেবল ঢাকাতেই অন্তত ৩২ জনকে হত্যার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম রোববার (৩ মে) এ তথ্য নিশ্চিত করেছেন।

চিফ প্রসিকিউটর জানান, এক যুগ আগের সেই বর্বরোচিত হত্যাযজ্ঞ, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তে বড় ধরণের অগ্রগতি হয়েছে। তদন্ত সংস্থা এরই মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করেছে এবং আগামী ৭ জুনের মধ্যে আদালতে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

এর আগে গত ৫ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আরও দুই মাস বাড়িয়েছিলেন। সেই বর্ধিত সময় অনুযায়ী জুন মাসের প্রথম সপ্তাহেই প্রতিবেদন জমা দিচ্ছে প্রসিকিউশন টিম।

শাপলা চত্বরের ওই অভিযান ও পরবর্তী নৃশংসতা নিয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছিলেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। হেফাজত নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে করা এই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২১ জনকে সরাসরি অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগে দাবি করা হয়েছে, ২০১৩ সালের সেই রাতে পরিকল্পিতভাবে নিরস্ত্র মাদ্রাসা ছাত্র ও আলেম-ওলামাদের ওপর ভারী অস্ত্র নিয়ে নিরাপত্তা বাহিনী দিয়ে ঝাঁপিয়ে পড়া হয়েছিল। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ সময় পর হলেও আধুনিক ফরেনসিক ও সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে ঘটনার ভয়াবহতা এবং দায়ীদের ভূমিকা স্পষ্ট হয়ে উঠছে। নিহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।