বিদিশার দুই বছরের কারাদণ্ড, গ্রেপ্তারি পরোয়ানা 

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী বিদিশা সিদ্দিককে প্রতারণার অভিযোগে এক মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার (২০ মে) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এ রায় ঘোষণা করেন। রাজধানীর গুলশান থানায় এ মামলা দায়ের করেন এক ব্যবসায়ী। কারাদণ্ডের পাশাপাশি বিদিশাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে রায়ে।

বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান (হিরণ) বলেন, বিদিশা পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি করা নিয়ে প্রতারণার অভিযোগ এনে ২০০৮ সালে গুলশান থানায় এ মামলা করেন মোশাররফ হোসেন সিকদার নামের এব ব্যবসায়ী।