গুম ও নির্যাতন মামলা

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

র‌্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হবে আজ। 

রোববার (১৪ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আজ আদালতে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষীর জবানবন্দি নেওয়া হবে। তবে নিরাপত্তার কড়া হুমকির কারণে এই সাক্ষীর নাম ও পরিচয় পুরোপুরি গোপন রাখা হয়েছে। এর আগে গত ৩ জুন এই সাক্ষীর সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল তা পিছিয়ে আজকের দিনটি ঠিক করেন। চলতি বছরের ২১ জানুয়ারি শুরু হওয়া এই মামলায় এখন পর্যন্ত ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমানসহ মোট চারজন সাক্ষী আদালতে তাদের জবানবন্দি দিয়েছেন।

এই মামলার মোট ১৭ জন আসামির মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭ জন আসামি এখনো পলাতক রয়েছেন। পলাতক বাকি আসামিরা হলেন- শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, র‌্যাবের সাবেক ডিজি এম খুরশিদ হোসেন, র‌্যাবের সাবেক মহাপরিচালক হারুন অর রশিদ এবং র‌্যাবের সাবেক পরিচালক মো. খায়রুল ইসলাম।

অন্যদিকে, মামলার বাকি ১০ জন আসামি বর্তমানে গ্রেপ্তার হয়ে ঢাকার সেনানিবাসের সাব-জেলে বন্দি অবস্থায় আছেন। তারা হলেন- র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, কর্নেল কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে), র‌্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন এবং লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম।