জুলাই হত্যা মামলায় জামিন পেলেন অর্থনীতিবিদ আবুল বারকাত

জুলাই আন্দোলনের সময় নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত ৫ হাজার টাকা বন্ডে পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত তার জামিন আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত রবিবার এই হত্যা মামলায় আবুল বারকাতকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। পরদিন সোমবার জামিন শুনানি শেষে আদালত তার আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আজ মঙ্গলবার পুনরায় জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবী শাহীনুর ইসলাম।

শুনানিতে তিনি উল্লেখ করেন যে, আবুল বারকাত একজন প্রবীণ ও অসুস্থ ব্যক্তি এবং এই হত্যাকাণ্ডের সাথে তার সরাসরি কোনো সম্পৃক্ততা নেই। কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই তাকে এ মামলায় জড়ানো হয়েছে দাবি করে বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় জামিন প্রার্থনা করেন তিনি। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন।

উল্লেখ্য, গত ১০ জুলাই রাতে ধানমণ্ডির বাসা থেকে অধ্যাপক আবুল বারকাতকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিকভাবে জনতা ব্যাংক থেকে ঋণ জালিয়াতির একটি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। গত ৭ জুন সেই মামলায় আপিল বিভাগ থেকে তিনি শর্তসাপেক্ষ জামিন পেলেও কারাগার থেকে মুক্তি পাননি। ওই দিনই ডিবি পুলিশ আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নীলক্ষেত এলাকায় গুলিবিদ্ধ হয়ে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় নিউমার্কেট থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের শ্যালক আব্দুর রব।