রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যা মামলায় সজীব ব্যাপারীসহ ২১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (১২ জুলাই) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৯ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
আদালতের বেঞ্চ সহকারী শাহাদাত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ৯ জুলাই সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে পাকা সড়কের ওপর একদল ব্যক্তি সোহাগকে নৃশংসভাবে হত্যা করে।
এ ঘটনায় নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম পরদিন ১০ জুলাই কোতয়ালি থানায় ১৯ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।
নিহত সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মিটফোর্ড এলাকার রজনী ঘোষ লেনে ব্যবসা করতেন।
মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ২৯ ডিসেম্বর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান তদন্ত কর্মকর্তা হিসেবে সজীব ব্যাপারীসহ ২১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
মামলার ২১ আসামির মধ্যে ১০ জন বর্তমানে কারাগারে আছেন। তিনজন জামিনে রয়েছেন এবং বাকি আটজন শুরু থেকেই পলাতক।