চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

চেক ডিজঅনারের একটি মামলায় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এক হাজার টাকার মুচলেকায় তাঁর জামিনের আদেশ দেন।

সালমান এফ রহমানের পক্ষে আইনজীবী মোহাদ্দেসুল আমিন জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাটি দায়েরের পর গত ৭ মে আদালত সালমান এফ রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। এ মামলার অন্য আসামিরা ইতিমধ্যে জামিনে রয়েছেন।

মামলার নথি অনুযায়ী, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশের (এক্সিম ব্যাংক) পক্ষে উজ্জ্বল মন্ডল বাদী হয়ে গত ৯ জানুয়ারি মামলাটি দায়ের করেন। মামলায় সালমান এফ রহমান ছাড়াও আহমেদ সইয়ন ফজলুর রহমান, মাহফুজুর রহমান, ইমরান মন্ডল, মো. লুৎফর রহমান, মাশকুরা খানাম, মো. সাইফুর রহমান, আবু নাঈম মোহাম্মদ সেলেহীন, মো. মোস্তাফিজুর রহমান তানভীর ও এ এস এফ রহমানকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ব্যাংকের তাগিদের পর বেক্সিমকো এলপিজি ইউনিট-১ লিমিটেডের পক্ষ থেকে ১১২ কোটি টাকার একটি চেক ইস্যু করা হয়। ২০২৫ সালের ১৯ নভেম্বর চেকটি এক্সিম ব্যাংকের হেড অফিস করপোরেট শাখায় জমা দেওয়া হলে একই দিন অপর্যাপ্ত তহবিলের কারণে (Insufficient Fund) তা প্রত্যাখ্যাত হয়।

এরপর ২৬ নভেম্বর নিবন্ধিত ডাকযোগে আইনি নোটিশ পাঠিয়ে ৩০ দিনের মধ্যে চেকের অর্থ পরিশোধের অনুরোধ জানানো হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে আসামিরা অর্থ পরিশোধ না করায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

আদালতে শুনানি শেষে আজ সালমান এফ রহমানের জামিন আবেদন মঞ্জুর করা হয়।