জুলাই আন্দোলনে সংঘটিত হবিগঞ্জের চুনারুঘাটে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (২২ জুলাই) বিচারপতি শেখ জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন। আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার পূর্ণিমা জাহান।
তবে এই মামলায় জামিন পেলেও এখনই ব্যারিস্টার সুমন কারামুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
আইনজীবীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর খিলগাঁও ও আদাবর থানার পৃথক দুই হত্যা মামলায় সাবেক এ সংসদ সদস্যের জামিন প্রশ্নে জারি করা রুল শুনানির অপেক্ষায় রয়েছে।
২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়ার কিছু সময় আগে ২১ অক্টোবর দিনগত রাত সোয়া ১টার দিকে নিজের ফেসবুক ভেরিফায়েড আইডি থেকে একটি পোস্ট দেন ব্যারিস্টার সুমন। এতে তিনি লেখেন, আমি পুলিশের সঙ্গে যাচ্ছি।
২০২৪-এর জানুয়ারির দ্বাদশ জাতীয় নির্বাচনে নির্বাচিত সাবেক স্বতন্ত্র এই সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ও হবিগঞ্জে বেশ কয়েকটি মামলা হয়েছে।