শেয়ারবাজারে কারসাজি: দুদকের চার্জশিটে সাকিবসহ ১৫ জন

শেয়ারবাজার কারসাজি করে ২৫৬ কোটি টাকা আত্মসাতের মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানসহ সংশ্লিষ্ট ১৫ জনের বিরুদ্ধে মামলার তদন্ত শেষ পর্যায়ে। খুব দ্রুতই চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ক্রিকেটার ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, আবুল খায়ের হিরু চক্রের ১৫ জনের বিরুদ্ধে শেয়ারবাজার কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাতের মামলার তদন্ত শেষ পর্যায়ে। নতুন কমিশন এলে অনুমোদন সাপেক্ষে আদালতে চার্জশিট দাখিল করা হবে।

দুদক সূত্রে জানা গেছে, শেয়ারবাজারে অনিয়ম ও কারসাজির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে সাকিব আল হাসানসহ মোট ১৫ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। তদন্তে সংশ্লিষ্ট নথিপত্র, আর্থিক লেনদেন এবং অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন- সমবায় অধিদফতরের উপনিবন্ধক আবুল খায়ের, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, জাভেদ এ. মতিন, জাহেদ কামাল, হুমায়ূন কবির এবং তানভীর নিজাম।