অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন ফুডপান্ডা বাংলাদেশের পাঁচ শীর্ষ কর্মকর্তা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের বিরুদ্ধে পরোয়ানা জারির নির্দেশ দিলে তারা উচ্চ আদালতের শরণাপন্ন হন।
মামলার আসামিরা হলেন—ফুডপান্ডার এমডি সৈয়দা আমবারীন রেজা, পরিচালক জুবায়ের সিদ্দিকী, পান্ডামার্টের পরিচালক তাবরেজ খান, ক্যাটাগরি প্রধান দিলারা ফারুক এবং সিনিয়র ম্যানেজার সাজেদুল হক। ফার্স্ট টেলি সেলের মালিক শিহাব মাহমুদ বশির গত বছরের জুলাইয়ে প্রায় ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গুলশান থানায় আলাদা চারটি মামলা করেন।
তদন্ত শেষে গুলশান থানার প্রতিবেদন আমলে নিয়ে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ পরোয়ানা জারি করেন।
তবে ফুডপান্ডা এক বিবৃতিতে জানিয়েছে, বাণিজ্যিক বিরোধের জেরে করা এই মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় পরোয়ানা জারির আগেই হাইকোর্ট কর্মকর্তাদের জামিন মঞ্জুর করেছেন।