রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগের মামলায় গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে এক দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তদন্ত কর্মকর্তার পাঁচ দিনের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। আসামিকে আদালতে হাজির করে এ আবেদন করেন বিমানবন্দর থানার উপ-পরিদর্শক মাজেদুল ইসলাম।
ওই আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, বিমানবন্দরে আক্তারুজ্জামান বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য কোনো কুচক্রী মহলের ইন্ধন ছিল কি-না? তা জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
আদালত সূত্রে জানা গেছে, তাকে এ মামলায় গতকাল গ্রেপ্তারের পরে আজ রিমান্ড শুনানির জন্য আদালতের হাজতখানায় এনে রাখা হয়েছে।