ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের কাছে দাবিকৃত কর মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা আয়কর বিষয়ে করা মামলায় পূর্ণাঙ্গ রায় দিয়েছেন হাইকোর্ট।  সোমবার (১২ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৫ ও ৩২ পৃষ্ঠার দুটি রায় প্রকাশ করা হয়।

এর আগে গত ১০ সেপ্টেম্বর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেছিলেন। সেটিরই পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হলো সোমবার, যেখানে এই ৬৬৬ কোটি টাকা যত দ্রুত সম্ভব পরিশোধ করতে বলা হয়েছে। 

জুলাই গণঅভ্যুত্থানের পর ওই বছরের ৪ অক্টোবর গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা দেওয়ার রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় প্রত্যাহার করেন। একইসঙ্গে প্রধান বিচারপতির কাছে এ মামলার নথি পাঠানো হয়। পরে মামলাটি পাঠানো হয় নতুন বেঞ্চে।

পুনর্মূল্যায়নের পর ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ ও ২০১৬-১৭ এই করবর্ষের জন্য গ্রামীণ কল্যাণের কাছে দাবি করা কর ঘিরে গ্রামীণ কল্যাণ ২০১৭ সালে পৃথক রিট করে। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রায় রুল দেন। শুনানি শেষে রুল খারিজ করেন হাইকোর্টের নতুন এ বেঞ্চ। রিট খারিজ হওয়ায় আয়কর বাবদ গ্রামীণ কল্যাণের কাছ থেকে ওই অর্থ আদায় করতে পারবে এনবিআর।