চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু হত্যার ঘটনায় করা মামলায় স্বামী সাখাওয়াত আলী নোবেল ও তার সহযোগী এস এম ফরহাদের আত্মপক্ষ সমর্থনে (সাফাই) সাক্ষ্যগ্রহণ বিষয়ে শুনানি আগামী ১৯ নভেম্বর নির্ধারণ করেছেন আদালত।
সোমবার (২৬ অক্টোবর) সকালে ঢাকার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুসরাত জাবীন নিম্মীর আদালত এ দিন ধার্য করেন। বাদীপক্ষের আইনজীবী মো. শফিকুল ইসলাম সুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের জবানবন্দি গ্রহণ করা হয়। জবানবন্দি গ্রহণ শেষে তারা আত্মপক্ষ সমর্থনে সাক্ষী প্রদানের জন্য আবেদন করেন। আদালত আগামী ১৯ নভেম্বর সাফাই সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেন। এ নিয়ে মামলাটিতে ৩৩ জন সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।
মামলার অভিযোগে সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৭ জানুয়ারি সকাল ১০টার পর হযরতপুর ইউনিয়ন পরিষদের আলীপুর ব্রিজ থেকে ৩০০ গত উত্তর পাশে পাকা রাস্তা সংলগ্ন ঝোপ থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতপরিচয় ৩২ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটির পরিচয় শনাক্তের জন্য আঙ্গুলের ছাপ নেওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠায়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় মরদেহটি চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর বলে শনাক্ত হয়।
জানা গেছে, দাম্পত্য কলহের জেরে ওই বছরের ১৬ জানুয়ারি সকাল আনুমানিক ৭ থেকে ৮টার মধ্যে খুন হন শিমু। এ ঘটনায় শিমুর ভাই হারুনুর রশীদ কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন। এরপর ওই বছরের ২৯ আগস্ট মামলাটি তদন্ত করে কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর শহিদুল ইসলাম দুইজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। একই বছরের ২৯ নভেম্বর দুই আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু হয়।