আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে তলব করেছেন ট্রাইব্যুনাল। আগামী ৪ নভেম্বর তাকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে নিজের দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (১ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। আদেশে নির্ধারিত দিনে ব্যারিস্টার ফুয়াদকে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে তার বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক। সম্প্রতি ব্যারিস্টার ফুয়াদের মন্তব্যকে কেন্দ্র করে আদালত অবমাননার বিষয়টি উত্থাপিত হয়।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানান, ব্যারিস্টার ফুয়াদ এবি পার্টির একজন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। তিনি এবি পার্টির একটি প্রোগ্রামে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে অনেক কথা বলেছেন। তার মধ্যে একটি লাইনে উনি বলেছেন যে, এখানে ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে।’
গাজী তামীম আরও জানান, এই টাইপের একটি কথা ট্রাইব্যুনালের নজরে এসেছে এবং ট্রাইব্যুনাল স্বতোঃপ্রণোদিত হয়ে ব্যারিস্টার ফুয়াদকে এ বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার জন্য আগামী ৪ নভেম্বর ট্রাইব্যুনালে স্বশরীরে এসে জবাব দেওয়ার জন্য দিন নির্ধারণ করেছেন। তার বিরুদ্ধে সুয়োমোটো নোটিশ জারি করা হয়েছে।