মেজর (অব.) আখতারুজ্জামানের মুক্তিতে বাধা নেই

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি-সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। রাষ্ট্রপক্ষের করা জামিন স্থগিতের আবেদন নিষ্পত্তি করে আদালত ‘নো অর্ডার’ দেওয়ায় তার কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই।

সোমবার (২ নভেম্বর) সুপ্রিম কোর্টের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। আখতারুজ্জামানের আইনজীবী শিশির মনির বিষয়টি নিশ্চিত করে জানান, তার মক্কেলের কারামুক্তিতে এখন আর কোনো আইনগত বাধা নেই।

এর আগে গত রোববার (১ নভেম্বর) এ মামলায় রুলসহ আখতারুজ্জামানকে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। অধস্তন আদালতে জামিন না পেয়ে তার আইনজীবী হাইকোর্টে আবেদন করেছিলেন। হাইকোর্টের দেওয়া সেই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সোমবার আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় ওঠে। তারই ধারাবাহিকতায় এটি শুনানি হয়। 

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা (ভারপ্রাপ্ত) অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ আরশাদুর রউফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। অন্যদিকে, আখতারুজ্জামানের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির।

গত ২ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার বাসা থেকে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।  এর একদিন আগে, গত ১ অক্টোবর রাতে শাহজালাল বিমানবন্দরে লাগেজ ও ট্রলি-সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়। 

গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে অধস্তন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টের শরণাপন্ন হন তিনি।