হাতকড়া খুলে কাঠগড়া থেকে পালিয়েছে হত্যা মামলার আসামি

ঢাকার এক আদালতের কাঠগড়া থেকে হত্যা মামলার আসামি পালিয়ে গেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত–১ এর কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যান আসামি মো. কাউসার মিয়া। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে আসামি কাউসারের পালানোর বিষয়টি জানা যায়। মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) রিপন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআই রিপন মোল্লা বলেন, কাউসারের বাড়ি নেত্রকোনায়। তার বাবার নাম রুকু মিয়া। ঢাকার দক্ষিণখান থানার একটি হত্যা মামলার আসামি কাউসার। এ মামলার বিচার চলছে। মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। এ জন্য তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

ঘটনার বিষয়ে রিপন মোল্লার ভাষ্য, আসামিকে সকালে কারাগার থেকে আদালতের হাজতখানায় এনে রাখা হয়। পরে তাকে আদালতে তোলা হয়। হাজতখানা থেকে নেওয়ার সময় তার হাতে হাতকড়া ছিল। তাকে আদালতে আনা ও পাহারার দায়িত্বে ছিলেন কনস্টেবল আরাফাত। আদালতের কাঠগড়ায় থাকা অবস্থায় আসামি কাউসার মিয়া হাতকড়া খুলে পালিয়ে যায়। আসামিকে নিয়ে আসা কনস্টেবল যখন আদালতের এক কর্মীর কাছে কাস্টডি ওয়ারেন্ট জমা দিতে যান, তখনই এ ঘটনা ঘটে।

আদালতের নথি অনুযায়ী, কাউসার মিয়া (১৯) ২০২০ সালের ২০ জুলাই ঢাকার দক্ষিণখানে ​​১৭ বছর বয়সী পোশাক শ্রমিক আলো আক্তারকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি।