একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেওয়ার ঘটনাকে ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
তিনি বলেছেন, বিচারপতির আসনে বসে যে রায় দেওয়া হয়েছিল, তা অত্যন্ত লজ্জার। এ ঘটনাকে ‘মিসক্যারেজ অব জাস্টিস’ বা বিচারিক অবিচার বলেও অভিহিত করেন তিনি।
মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত আমিনুজ্জামান ফারুকের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানিতে এসব মন্তব্য করেন প্রধান বিচারপতি। শুনানির একপর্যায়ে আপিল বিভাগে প্রশ্ন ওঠে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাত্র ১৩ বছর বয়সী একজন কিশোরকে কীভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো।
আদালতের সূত্র মতে, ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি শেরপুরের নকলা উপজেলার তিনজনকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফে তারা এবং এ কে এম আকরাম হোসেন। ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন তাঁরা। তিনজনই বর্তমানে কারাগারে রয়েছেন।
আপিল শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা তুলে ধরেন, ১৯৭১ সালে কথিত অপরাধ সংঘটনের সময় আমিনুজ্জামান ফারুকের বয়স ছিল মাত্র ১৩ বছর। অপ্রাপ্তবয়স্ক অবস্থায় সংঘটিত অপরাধের অভিযোগে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার বিষয়টি নিয়েই বিস্ময় প্রকাশ করেন আপিল বিভাগের বিচারপতিরা এবং এ বিষয়ে আইনি প্রশ্ন তোলেন।
এর আগে নকলার চারজনের বিরুদ্ধে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করে ২০১৭ সালের ২৬ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিল করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।