স্থানীয় সরকার নির্বাচন

প্রবাসীদের ভোটাধিকার চেয়ে হাইকোর্টে রিট

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ার নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। অনুষ্ঠিতব্য স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীরা যাতে ভোট দিতে পারেন, সে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন (ইসি) ও সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

রোববার (২৯ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করা হয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের সম্ভাব্য দুই প্রার্থী ও দুই প্রবাসীর পক্ষে রিট আবেদনটি দায়ের করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। প্রধান নির্বাচন কমিশন (সিইসি), নির্বাচন কমিশনের সচিব ও স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিবকে রিটে বিবাদী করা হয়েছে।

চার রিট আবেদনকারী হলেন কক্সবাজারের মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রহিম উল্লাহ, মংমনসিংহের ত্রিশালের মোক্ষপুর ইউনিয়নের মো. জুলহাস উদ্দিন, কুতুবজোমের দৈলার পাড়ার বাসিন্দা মোশরাফ হোসেন ও তামজেদ উল্লাহ। রহিম উল্লাহ ও জুলহাস উদ্দিন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বাকি দুজন প্রবাসী বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন তাদের আইনজীবী শিশির মনির।

প্রবাসীদের ভোটাধিকার ও অংশগ্রহণ নিশ্চিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ও আইনগত আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং কেন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে না, জানতে রুল চাওয়া হয়েছে রিটে। একই সঙ্গে এ বিষয়ে এখন পর‌্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি-না, তা জানিয়ে সিইসি যেন একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করে, রিটে সে নির্দেশনাও চাওয়া হয়েছে।

আগামী বছর ২১ জানুয়ারি থেকে ২৭ মের মধ্যে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন করার কথা জানিয়েছে ইসি। এর জন্য ৫০৮ উপজেলায় ৪ হাজার ৩৩২ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সম্প্রতি ইসির ওয়েবসাইটে কোন ইউনিয়ন পরিষদে কবে ভোট হবে, তার পূর্ণ তালিকাও প্রকাশ করা হয়েছে।

ইসির তালিকা অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউপিতে নির্বাচন হবে। ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে নির্বাচন হবে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি ইউনিয়ন পরিষদে। ২৯ এপ্রিল তৃতীয় ধাপে ১২০ উপজেলার ১ হাজার ২৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। ১৩ মে চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং ২৭ মে পঞ্চম ধাপে ৪০ উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে।

রিটে বলা হয়েছে, জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের নজির আছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ১২২টি দেশের ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন প্রবাসী ভোটার নিবন্ধন করে পোস্টাল ব্যালটে ভোট দেন। গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং গণপ্রতিনিধিত্ব (সংশোধনী) আইন, ২০২৬ এর মাধ্যমে এই ব্যবস্থার আইনি ভিত্তি তৈরি হয়। এতে প্রমাণ হয়েছে, আইন-প্রযুক্তিগত ও প্রশাসনিকভাবে প্রবাসীদের ভোট নেওয়া সম্ভব।

স্থানীয় নির্বাচনে এ বিষয়ে কোনো উদ্যোগ নেই উল্লেখ করে রিটে বলা হয়েছে, জাতীয় নির্বাচনে সফল প্রয়োগের পরও স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটদানের জন্য নির্বাচন কমিশন কোনো আইনি, প্রাতিষ্ঠানিক বা পদ্ধতিগত কাঠামো তৈরি করেনি। এই নিষ্ক্রিয়তা সংবিধানের ১১, ২৭, ৩১, ৩২, ৩৯, ৫৯ ও ৬০ অনুচ্ছেদের লঙ্ঘন। একই সঙ্গে তা নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির (আইসিসিপিআর) ২৫(খ) অনুচ্ছেদ এবং সর্বজনীন মানবাধিকার ঘোষণার ২১ অনুচ্ছেদের সঙ্গেও সাংঘর্ষিক।

এ বিষয়ে নির্বাচন কমিশনের নীতি ও রোডম্যাপ জানতে চেয়ে গত ১৫ নভেম্বর বিবাদীদের কাছে আবেদন করেন রিট আবেদনকারীরা। দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় হাইকোর্টে রিট করেন তারা। চলতি সপ্তাহে রিটটিতে শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির।