নিজস্ব প্রতিবেদক: গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামালপুরের শামসুল হকের (বদর ভাই) আমৃত্যু কারাদণ্ড কমিয়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার (১৪ নভেম্বর) প্রধান বিচারপতির ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বিভাগ এ রায় দেন।
গত ১৮ অক্টোবর আপিল বিভাগ এ মামলায় শুনানির শেষে রায়ের জন্য ৭ নভেম্বর দিন ঠিক করে দিলেও পরে সেটি পিছিয়ে যায়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম। আসামি শামসুল হকের পক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট এস এম শাহজাহান ও ব্যারিস্টার এহসান এ সিদ্দিক।
২০১৬ সালের ১৮ জুলাই এ মামলার রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড ও পাঁচ আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। রায়ের বিরুদ্ধে আপিল করেন শামসুল হক।
আসামির বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন, লুটপাট ও মরদেহ গুমের পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। এসব অভিযোগের মধ্যে ১ ও ৫ নম্বর বাদে বাকি তিনটি প্রমাণিত হয়।
মামলার অন্য আসামিদের মধ্যে আশরাফ হোসেন, আব্দুল মান্নান ও আব্দুল বারী ২ নম্বর অভিযোগে মৃত্যুদণ্ড ছাড়া অন্য দুই অভিযোগে (৩ ও ৪ নম্বর) আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। শরীফ হোসেন তিনটি অভিযোগে এবং মো. আবুল হাশেম, শামসুল হক ও এস এম ইউসুফ আলী একটি অভিযোগে এবং মো. হারুনকে একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।