নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক মামলায় গত ৩ মাসে ঢাকার আদালতে ৩১ মামলায় বিএনপি'র ৫৫৮ জন নেতাকর্মীকে কারাদণ্ড দেয়ার অভিযোগ করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এক্ষেত্রে ফৌজদারী বিচারের বিশ্বব্যাপী সমাদৃত ‘সন্দেহাতিতভাবে প্রমাণিত’ এই নীতি অনুসরন করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
তবে এ অভিযোগের বিষয়ে রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, সাক্ষ্যপ্রমাণ ছাড়া আইনে সাজা দেয়া সম্ভব নয়। উনারা না জেনে কথা বলছেন। এটা সত্য নয়। সাক্ষ্যপ্রমাণ ছাড়া কারও বিরুদ্ধে কোনো প্রকার বিচার করা সম্ভব নয়। তিনি বলেন, কেউ যদি বলে যথাযথ নিয়ম মানা হয়নি, তাহলে সেটা আপিলে বলতে হবে।
অ্যাটর্নি জেনারেল বলেন, হরতাল অবরোধের কারণে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে সেটা তো হবেই। যানমালের ক্ষতি করলে যারা এর সঙ্গে সম্পৃক্ত তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে।