সাবেক খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলামকে ৮ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর নিউমার্কেট থানার হত্যা মামলায় তাকে এ রিমান্ড দেওয়া হয়।
এর আগে সোমবার রাতে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন কামরুল ইসলাম।
কামরুল ইসলাম ঢাকা বারে যোগদানের মাধ্যমে আইন পেশা শুরু করেন। পরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে যোগদান করেন। বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০০৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে কামরুল ইসলাম ঢাকা-২ আসন (সাভার-কেরানীগঞ্জ-কামরঙ্গীরচর) থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করে বিজয়ী হন। এ সময়ে তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান।
২০১৪ সালে অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে একই এলাকা থেকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০১৪ সালে তিনি খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করেন।