শহীদ মিনারে রাকিব হত্যা রহস্য উদ্ঘাটন: পিস্তলসহ গ্রেপ্তার ৫

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গত রোববার রাতে আলোচিত শিক্ষার্থী রাকিবুল ইসলাম হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত মূল আগ্নেয়াস্ত্রসহ (পিস্তল) এই ঘটনায় জড়িত ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।

গত রোববার রাত সোয়া ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সিঁড়িতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন রাকিবুল। প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎ কয়েকজন যুবক এসে তাকে লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়েন। রাকিবুল গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়লে ঘাতকরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ওই সময় উপস্থিত জনতা ধাওয়া করে চাপাতিসহ একজনকে হাতেনাতে ধরে শাহবাগ থানায় সোপর্দ করেছিল।

ঘটনার পর রাকিবুলের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। মামলাটির ছায়া তদন্ত শুরু করে ডিএমপির বিভিন্ন ইউনিট। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। প্রেমঘটিত বিরোধ বা অন্য কোনো সুনির্দিষ্ট কারণে এই হত্যাকাণ্ড কি না, সে বিষয়ে পুলিশ শীঘ্রই বিস্তারিত তথ্য প্রকাশ করবে।

নিহত রাকিবুলের বাড়ি ভোলা সদর উপজেলায়। তার বাবা তারিকুল ইসলাম খোকন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের কর্মচারী। রাকিবুল রাজধানীর বোরহানুদ্দীন পোস্টগ্র্যাজুয়েট কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।