স্বামীর মৃত্যু: প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

মুন্সীগঞ্জে কারাবন্দি সাবেক শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পরিবারের পক্ষে আবেদন করা হয়।

ডা. দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার দুপুর পৌনে ২টার দিকে দীপু মনির মেয়ে তানি দিপাবলি নেওয়াজ মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে প্যারোলে মুক্তির আবেদন জমা দেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার মুক্তি দেওয়া হয়। 

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ২৭ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ।

আইনজীবী জানান, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে পরিবারের পক্ষ থেকে প্যারোলের আবেদন করা হয়েছে। এখন প্রশাসনিক নিয়ম অনুযায়ী পরবর্তী কার্যক্রম সম্পন্ন হবে।