মিরপুরের বিআরটিএ-তে অভিযান, ৬ দালালের কারাদণ্ড

রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে অভিযান চালিয়ে ছয় দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তিনজনকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

আটক দালালরা হলেন মারুফ হোসেন, আলী হোসেন, আব্দুল কাইয়ুম, রাজন মিয়া, সুমন শেখ, মহসিন আহমেদ, ইমরান হোসেন, জামাল হোসেন ও সজীব।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আটকদের মধ্যে রাজন, সুমন ও মহসিনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ইমরান হোসেনকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া জামাল ও সজীবকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এদের মধ্যে মারুফ হোসেন, আলী হোসেন ও আব্দুল কাইয়ুমকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আনিসুজ্জামান বলেন, ‘প্রতারক চক্রটি বিআরটিএ তে আসা গ্রাহকদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কাগজপত্র ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যেত—এমন অসংখ্য অভিযোগ ছিল। 

সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করতে এবং বিআরটিএ-কে সম্পূর্ণ দালালমুক্ত রাখতে আমাদের এই অভিযান নিয়মিত চলমান আছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।