দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানীর ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আত্মহত্যার প্ররোচনা মামলায় তার সাথে প্রথম স্ত্রী মাকসুদা বেগমকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।

রোববার দিবাগত রাত একটার দিকে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য তাদের দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল বলে জানান তিনি।

এর আগে রোববার সন্ধ্যায় শেরেবাংলা নগরের ৫ নম্বর ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সাথে গাজী নজরুলের একটি ভিডিও ভাইরাল হলে, তিনি উক্ত তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেন।

ভিডিওটি প্রকাশ পাওয়ার পর তৈরি হওয়া বিতর্ক ও সামাজিক মাধ্যমের ট্রল মরিয়মের ওপর চরম মানসিক চাপ সৃষ্টি করেছিল বলে ধারণা করা হচ্ছে। এই বিতর্কের জেরে গত ২২ জুলাই গাজী নজরুলকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়।