বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিললো ১৬ কোটি টাকার স্বর্ণ

ঢাকার শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মীর জুতা থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) ওই দুই কর্মীকে হেফাজতে নেওয়া হয়েছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) এ তথ্য নিশ্চিত করেছে। জব্দ করা স্বর্ণের দাম প্রায় ১৬ কোটি ২৫ লাখ টাকা।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ইকে০৫৮২) অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। আটক দুই কর্মী হলেন- এমিরেটসের এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার মো. মানিক মিয়া ও মিজানুর রহমান।

জানা যায়, প্রতিটি বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। উদ্ধার করা সোনার মোট ওজন প্রায় ৯ কেজি ৩৪০ গ্রাম। এসব সোনার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা। কর্মীদের জুতার ভেতর সোনা লুকিয়ে পাচারের এ কৌশল কার বা কাদের মাধ্যমে পরিচালিত হচ্ছিল, কোথা থেকে এসব সোনা আনা হয়েছে এবং কার কাছে পৌঁছানোর কথা ছিল-সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনানুগ  ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানায় এনবিআর।