কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর চার বছরের শিশু মো: ওমাইরের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওমাইর ক্যাম্প-১৫-এর ডি/১ ব্লকের বাসিন্দা আব্দুল হামিদের ছেলে।
পুলিশ ও ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর শিশুটি হঠাৎ নিখোঁজ হয়। এর পরদিন এক অজ্ঞাত ব্যক্তি শিশুটির বাবার কাছে কল করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
পরিবার বিষয়টি দ্রুত পুলিশকে জানালে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু হয়। এরপর রোহিঙ্গা মাঝি ও স্থানীয়দের সহযোগিতায় ক্যাম্প-১৫-এর ডি/১৩ ব্লকের বাসিন্দা আব্দুর রহমানকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা বাহিনী।
জিজ্ঞাসাবাদে আব্দুর রহমান স্বীকার করে যে, স্ত্রী আনসার বেগমের সহায়তায় সে শিশুটিকে অপহরণ ও হত্যা করেছে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের পাশ থেকেই বস্তাবন্দি অবস্থায় লাশ উদ্ধার করা হয়।
মরদেহ ময়নাতদন্তের জন্য উখিয়া থানা-পুলিশ মর্গে পাঠিয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই নৃশংস ঘটনায় পুরো ক্যাম্পজুড়ে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।