দম্পতিকে প্রকাশ্যে কোপানোর ঘটনায় ২ জন রিমান্ডে

রাজধানীর উত্তরায় এক দম্পতিকে প্রকাশ্যে কোপানোর ঘটনায় গ্রেপ্তার দুইজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। ওই দুজন হলেন- মোবারক হোসেন ও রবি রায়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক আবেদনের শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম মো.সাইফুজ্জামানের আদালত তাদের দুদিন করে রিমান্ডের আদেশ দেন।

আদালতে উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আতিকুর রহমান বলেন, উত্তরা পশ্চিম থানার এক মামলায় তাদের গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা এসআই দ্বীন ইসলাম তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি নিয়ে পরে আদেশ দেন বিচারক।

মামলার অভিযোগে বলা হয়, সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে উচ্চশব্দে হর্ন বাজিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল কিশোর গ্যাং সদস্যরা। সেসময় রিকশা থেকে মকবুল ও তার স্ত্রী নাসরিন আকতার ইপ্তি প্রতিবাদ করেন। এরপর কিশোর গ্যাং সদস্যরা তাদের দলের ২০/২৫ জনকে জড়ো করেন, ওই দম্পতিকে কোপান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো একটি ভিডিওতে দেখা যায়, দুই যুবক সেই দম্পতিকে রাম দা দিয়ে কোপ দিচ্ছে। পরবর্তীতে হামলাকারীদের ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় লোকজন।