মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের এমপিও আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি

২০২৫-২৬ অর্থবছরের জন্য নতুন বেসরকারি মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

সোমবার (২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬’-এর আলোকে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন এমপিওভুক্তির সব কার্যক্রম হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে। আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত ওয়েবসাইটগুলোতে (www.tmed.gov.bd, www.dte.gov.bd, www.dme.gov.bd অথবা www.banbeis.gov.bd) প্রবেশ করে ‘Online MPO Application’ লিংকের মাধ্যমে আবেদন করতে হবে।

মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, সরাসরি হার্ডকপি, ই-মেইল কিংবা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। নির্ধারিত সময় অর্থাৎ ১৭ ফেব্রুয়ারির পর আর কোনো আবেদন করার সুযোগ থাকবে না। অনলাইনে প্রদর্শিত নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ করে আবেদন করার জন্য প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, এবারের এমপিওভুক্তি প্রক্রিয়া ২০২৬ সালের নতুন জনবল কাঠামো ও নীতিমালার অধীনে পরিচালিত হবে, যা মাদরাসা ও কারিগরি (ভোকেশনাল, বিএমটি ও ডিপ্লোমা) উভয় ধরনের প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য।