খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ভার্সিটি প্রশাসন।
গত ২৭ জানুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা বিভাগ জানায়।
জনসংযোগ বিভাগের বিজ্ঞপ্তিতে জানান হয়, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী কাজী সাদিক মাহমুদকে (রোল নম্বর: ২৪০১০৮৯) বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সাথে লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো: জহিরুল ইসলামকে (রোল নম্বর: ২৪১৯০৪০) চলমান টার্ম (প্রথম বর্ষ-দ্বিতীয় টার্ম, শিক্ষাবর্ষ ২০২৪-২০২৫) থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে কোনো ধরনের অপরাধে জড়িত হলে মো: জহিরুল ইসলামের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
গত বছরের ২৭ নভেম্বর দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে সিভিল ইঞ্জিনিয়ারিং ও লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এবং অভিযুক্ত শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশের জবাব পর্যালোচনা করে ছাত্র-শৃঙ্খলা বিধির আলোকে ওই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান হয়।