২১ ফেব্রুয়ারি পালনে রুটম্যাপ ও কর্মসূচি ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের

আসন্ন অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনে প্রভাতফেরি, মৌন মিছিল এবং পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে যাতায়াতের জন্য বিশেষ রুটম্যাপ প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

কর্মসূচি ও রুটম্যাপ:
শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে উপাচার্য ভবনের সামনের ‘স্মৃতি চিরন্তন’ চত্বর থেকে মৌন মিছিল ও প্রভাতফেরি বের করা হবে। মিছিলটি নীলক্ষেত ও উদয়ন স্কুল হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে এবং সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

প্রভাতফেরিতে অংশ নিতে ইচ্ছুক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সকাল ৬টা ১৫ মিনিটের মধ্যে নির্ধারিত স্থানে সমবেত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

নিরাপত্তা ও অন্যান্য নির্দেশনা:
২১ ফেব্রুয়ারি উপলক্ষে ক্যাম্পাসের প্রধান ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে। এছাড়া ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার মধ্যে ক্যাম্পাসের আবাসিক এলাকায় বসবাসকারীদের নিজ নিজ আবাসস্থলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে যাতায়াতের জন্য নিরাপত্তা পাস ও পরিচয়পত্র সাথে রাখার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন হলের মসজিদ ও উপাসনালয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনা ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য, কোষাধ্যক্ষ, ডিন, প্রাধ্যক্ষ এবং প্রক্টরসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেবেন।