দেশের বেসরকারি মাদ্রাসাগুলোতে এনটিআরসিএর আওতার বাইরে থাকা শূন্য পদে নিয়োগ কার্যক্রম পরিচালনায় নতুন নির্দেশনা জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, নতুন জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসরণ না করে কোনো নিয়োগ সম্পন্ন করা হলে সংশ্লিষ্ট পদের এমপিও সুবিধা বন্ধ করে দেওয়া হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বেসরকারি মাদ্রাসাগুলোতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) আওতার বাইরে থাকা শূন্য পদগুলোতে (যেমন- কর্মচারী ও অন্যান্য পদ) এতদিন মাদ্রাসাগুলোর ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি নিজস্ব প্রক্রিয়ায় নিয়োগ দিয়ে আসছিল।
তবে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ গত ১ ফেব্রুয়ারি ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’ জারি করেছে। নতুন নীতিমালা জারির পর এখন থেকে এনটিআরসিএর আওতার বাইরে থাকা শূন্য পদেও নিয়োগ দিতে হলে এই নির্ধারিত জনবল কাঠামো ও নিয়মাবলি কঠোরভাবে অনুসরণ করতে হবে।
অধিদপ্তর বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোর ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডিকে নির্দেশ দিয়েছে যে, নতুন নীতিমালার বাইরে গিয়ে কোনোভাবেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না। নির্ধারিত ‘জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’ অমান্য করে যদি কোনো প্রতিষ্ঠান নিয়োগ দেয়, তবে সংশ্লিষ্ট মাদ্রাসার ওই পদের জন্য কোনো এমপিও সুবিধা প্রদান করা হবে না।
এই নির্দেশনার ফলে মাদ্রাসাগুলোতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে এবং নতুন সরকারি নীতিমালার আলোকে জনবল নিয়োগ নিশ্চিত হবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।