এমপিওভুক্তিতে নতুন আবেদন নেবে সরকার

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য সরকার নতুন করে আবেদন গ্রহণ করবে বলে জানিয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। 

রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে প্রশ্নোত্তর পর্বে তিনি এই তথ্য জানান।

শিক্ষামন্ত্রী জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার প্রক্রিয়াটি স্বচ্ছ করতে নতুন করে আবেদন আহ্বান করা হবে। তিনি বলেন, ‘পুরাতন যেসব আবেদন জমা আছে, সেগুলো পুনরায় নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হবে। যোগ্য প্রতিষ্ঠানগুলোকে নীতিমালার আলোকে দ্রুত এমপিওভুক্তির আওতায় আনা হবে।’

নৈতিক শিক্ষার অবক্ষয় রোধে বড় পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, সারাদেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি মন্ত্রণালয়ের সক্রিয় বিবেচনায় রয়েছে। তিনি স্পষ্ট করেন যে, এটি কেবল নির্দিষ্ট কোনো ধর্মের জন্য নয়; বরং সব ধর্মের শিক্ষার্থীদের জন্য নিজ নিজ ধর্মের শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

সংসদে শিক্ষামন্ত্রী আরও জানান, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে একটি সুনির্দিষ্ট নিয়মের আওতায় আনতে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি জানান, দেশে বর্তমানে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। সরকার এগুলোর মানোন্নয়নে কাজ করছে। নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়টি ভবিষ্যতের প্রয়োজনীয়তা ও উপযোগিতা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার বেলা ১১টায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় সংসদ বসবে। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় মোট ৫০ ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ মার্চ শুরু হওয়া ত্রয়োদশ সংসদের এই প্রথম অধিবেশন ঘিরে দেশবাসীর মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।