শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু কবে

শিক্ষাপ্রতিষ্ঠানে পুরো রমজান ও ঈদে টানা ৪০ দিন ছুটি শেষ হচ্ছে বৃহস্পতিবার। তবে শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে রোববার (২৯ মার্চ) থেকে। কারণ ছুটি শেষ হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। সংশোধিত বার্ষিক ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে। এছাড়া রমজানের ছুটির পর থেকে টানা ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রেখে নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত এক পরিপত্রে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। 

পরিপত্রে বলা হয়েছে, রমজান মাসে বিদ্যালয় ছুটি থাকায় শিক্ষার্থীদের যে পড়াশোনার ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ২৯ মার্চ থেকে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার পর থেকে পরবর্তী ১০টি শনিবার (সাপ্তাহিক ছুটির দিন) সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা থাকবে। ইতোমধ্যে এই নির্দেশনা বাস্তবায়নের জন্য সকল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে চিঠি পাঠানো হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান জানিয়েছেন, নির্ধারিত পাঠপরিকল্পনা বা সিলেবাস সময়মতো শেষ করার লক্ষ্যেই এই অতিরিক্ত ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে, মাধ্যমিক পর্যায়ের স্কুলে রমজানের প্রথম দিন থেকেই ছুটি শুরু হয়। নানা আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে আগে থেকেই রমজানের প্রথম দিন থেকেই ছুটি শুরু হয়। তবে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ রমজানের পর ছুটি হওয়ার কথা ছিল।

school admition

পরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ স্কুলের বার্ষিক ছুটির তালিকায় সংশোধন আনে। ফলে অধিদপ্তরের পক্ষ থেকে রমজানের প্রথম দিন থেকেই ছুটি শুরুর ঘোষণা দেওয়া হয়।

সংশোধিত ছুটির তালিকায় পবিত্র রমজানে ছুটি শুরু হয় ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।