আগামী ২১ এপ্রিল (মঙ্গলবার) থেকে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। এই পরীক্ষা সম্পূর্ণ নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করতে কেন্দ্রসচিবসহ সংশ্লিষ্টদের প্রতি ১১ দফা কঠোর নির্দেশনা জারি করেছে সরকার। নির্দেশনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো-প্রতিটি পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করা।
রোববার (২৯ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এই আদেশ জারি করে। এতে বলা হয়েছে, নির্দেশ পালনে কোনো প্রকার গাফিলতি বা অবহেলা দেখা দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মাউশির ১১ দফা নির্দেশনায় যা আছে:
১. প্রতিটি পরীক্ষা কেন্দ্র এবং কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক।
২. যেসব কেন্দ্রে সিসিটিভি অচল রয়েছে, পরীক্ষা শুরুর আগেই তা সচল করতে হবে।
৩. সিসিটিভি ফুটেজ যথাযথভাবে সংরক্ষণ করতে হবে এবং প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সরবরাহ করতে হবে।
৪. প্রতিটি কক্ষে কাটাওয়ালা এনালগ ঘড়ি টাঙাতে হবে।
৫. স্থানীয় প্রশাসনের সহায়তায় কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন নিশ্চিত করতে হবে।
৬. কেন্দ্রসচিব ব্যতীত অন্য কোনো শিক্ষক বা পরীক্ষার্থী কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।
৭. পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সময় নিবিড়ভাবে দেহ তল্লাশি করতে হবে। নারী পরীক্ষার্থীদের তল্লাশির জন্য নারী শিক্ষক নিয়োগ করতে হবে।
৮. কেন্দ্রের প্রধান ফটকে অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা টাঙিয়ে দিতে হবে।
৯. প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আলো-বাতাস ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।
১০. সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃক কেন্দ্রসচিবদের দেওয়া সকল নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করতে হবে।
১১. সামগ্রিকভাবে একটি সুন্দর ও নকলমুক্ত পরীক্ষা আয়োজনে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করতে হবে।
গত ২৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় সিসিটিভি স্থাপনসহ এসব কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। মাউশি জানিয়েছে, ডিজিটাল নজরদারির মাধ্যমে এবার পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করা হবে।