চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ৭ জুন থেকে এই পরীক্ষা শুরু হবে। সোমবার (৩০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সঙ্গে অনুষ্ঠিত এই সভায় সিদ্ধান্ত হয় যে, এবারের এইচএসসি পরীক্ষা জুনের প্রথমার্ধেই শুরু করা হবে। সভায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়- তা হলো দেশের সকল শিক্ষা বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ। এর ফলে সারা দেশের পরীক্ষার্থীরা একই প্রশ্নে মূল্যায়িত হওয়ার সুযোগ পাবে।
অন্যদিকে, আগামী ২১ এপ্রিল থেকে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ইতোমধ্যে ১১ দফা বিশেষ নির্দেশনা জারি করেছে।
মাউশি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, পরীক্ষা কেন্দ্রে কোনো ধরণের অনিয়ম বা অবহেলা সহ্য করা হবে না। নির্দেশনায় কেন্দ্রসচিব ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে। নির্দেশ পালনে গাফিলতি হলে বা কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে বিস্তারিত সময়সূচি বা রুটিন সংগ্রহ করতে পারবেন।