শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস নেওয়ার প্রস্তাব 

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলা ও বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাসের রুটিনে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে মোট ছয় দিন ক্লাস হবে, যার মধ্যে তিন দিন সরাসরি (অফলাইন) এবং বাকি তিন দিন অনলাইন মাধ্যমে ক্লাস নেওয়া হবে।

মঙ্গলবার (৩১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক মতবিনিময় সভায় এই প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, সপ্তাহে মোট ছয় দিন ক্লাস হবে। এর মধ্যে তিন দিন শিক্ষার্থীরা সরাসরি স্কুলে উপস্থিত হয়ে ক্লাস করবে এবং বাকি তিন দিন ইন্টারনেটের মাধ্যমে পাঠদান চলবে। ক্লাসের দিন নির্ধারণে জোড়-বিজোড় তারিখ বা রোল নম্বর পদ্ধতি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

তবে অনলাইন ক্লাসের দিনগুলোতেও শিক্ষকদের সশরীরে শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকে সেখান থেকেই পাঠদান পরিচালনা করতে হবে। বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ের ব্যবহারিক ক্লাসগুলো অফলাইনে ল্যাবে সম্পন্ন করার নির্দেশনা থাকবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, তা পুষিয়ে নিতেই সপ্তাহে ছয় দিন ক্লাস নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে জ্বালানি সংকট ঘনীভূত হওয়ায় যাতায়াত ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে তিন দিন অনলাইন মাধ্যম বেছে নেওয়া হয়েছে। আপাতত এটি পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ঢাকা শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে আয়োজিত সভায় এই প্রস্তাবনাটি আসে। মূলত বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয় করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই নিয়ম কি কেবল ঢাকা ও বড় শহরগুলোর জন্য প্রযোজ্য হবে, নাকি সারাদেশে কার্যকর হবে- সে বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি।