দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাসের সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে সপ্তাহে তিন দিন সরাসরি (সশরীরে) এবং তিন দিন অনলাইনে ক্লাস নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালা এবং পরবর্তীতে দনিয়া কলেজে এক সংবাদ সম্মেলনে তিনি এই নতুন পদ্ধতির কথা জানান।
শিক্ষামন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, সপ্তাহে ছয় দিনই শিক্ষা কার্যক্রম চলবে, তবে তা হবে হাইব্রিড মডেলে। সরাসরি বা অফলাইন ক্লাস (স্কুলে গিয়ে) শনিবার, সোমবার এবং বুধবার। অনলাইন ক্লাস (ঘরে বসে) রোববার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার।
মন্ত্রী বলেন, ‘আমরা শিক্ষার্থীদের শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে এনে সরাসরি ক্লাস করাতে চাই। সেক্ষেত্রে রোববার শিক্ষা কার্যক্রম চলবে অনলাইনে। এই সমন্বিত পদ্ধতির মাধ্যমে শিক্ষার গুণগত মান বজায় রাখার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।’
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্ত দ্রুতই দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যকর করার জন্য আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।