জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রোববার (৩ মে) বিকেল থেকে পরীক্ষার্থীরা অনলাইনের পাশাপাশি মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে তাদের ফলাফল দেখতে পাবেন।

ফলাফল দেখার সহজ নিয়ম
১. এসএমএস-এর মাধ্যমে: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে NU <স্পেস> ATHN <স্পেস> রোল নম্বর এবং এটি পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএস-এ ফলাফল জানিয়ে দেওয়া হবে।

২. অনলাইনের মাধ্যমে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনকারীর পিন (PIN) নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে হবে। এরপর ড্যাশবোর্ড থেকে ‘ফলাফল’ অপশনে ক্লিক করলেই বিস্তারিত দেখা যাবে। এখান থেকে ফলাফল ডাউনলোড বা প্রিন্ট করার সুযোগও রয়েছে।

গত ২৫ এপ্রিল দেশের ১৩৮টি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, এ বছর ৩১টি বিষয়ের বিপরীতে মোট ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। সারা দেশের ৮৮০টি কলেজে মোট আসন সংখ্যা ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি।

পরিসংখ্যান অনুযায়ী, ৩৭৫টি সরকারি কলেজে আসন রয়েছে ২ লাখ ৭০ হাজার ৫২০টি, যার বিপরীতে আবেদন পড়েছে ৩ লাখ ৯৪ হাজারেরও বেশি। অন্যদিকে, ৫০৫টি বেসরকারি কলেজে ১ লাখ ৮২ হাজার ৩৫৫টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল ৫৮ হাজার ৯১৯ জন।

আগে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হলেও গত বছর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় পুনরায় ভর্তি পরীক্ষার পদ্ধতি চালু করেছে।