হাবিপ্রবিতে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৩১ শিক্ষার্থী বহিষ্কার

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)-এ সংঘবদ্ধ হামলার ঘটনায় ৩১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে শহীদ আবরার ফাহাদ হল থেকে শতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে শহীদ নুর হোসেন হলে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা শিক্ষার্থীদের মারধর, হলের বিভিন্ন কক্ষ ভাঙচুর এবং সিসি ক্যামেরাসহ বিভিন্ন সম্পদের ক্ষতি করে। হামলায় সহকারী প্রক্টরসহ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন।
 
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষার্থীদের শনাক্ত করা হয়েছে।
 
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শৃঙ্খলা অধ্যাদেশের ১৪ ও ১৬ ধারা অনুযায়ী অসদাচরণ ও আইন-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত ৩১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়।
 
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বে) প্রফেসর ড. মো আবু হাসান জানান, তদন্ত শেষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে।