দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় আজ শনিবার (২৩ মে) থেকে আগামী ৬ জুন পর্যন্ত একটানা ১৫ দিন বন্ধ থাকবে
আগের ঘোষণা অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয় আজ খোলা থাকার কথা ছিল। কিন্তু গতকাল শুক্রবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন তথ্য জানায়।
জনসংযোগ কর্মকর্তা তানভীর মিয়ার সই করা মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়, শনিবার ২৩ মে থেকে ৬ জুন পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে।
এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিদ্ধান্ত নিয়েছিল, ঈদের আগের এই শনিবার বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চলবে। সে অনুযায়ী শিক্ষার্থীদের উপস্থিত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছিল।
মূলত রমজান মাসজুড়ে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে গত ২৪ মার্চ জারি করা এক নির্দেশনায় ঈদের ছুটির পর টানা ১০টি শনিবার বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানান শিক্ষকরা। প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শনিবার স্কুল বন্ধ রাখার জন্য অধিদপ্তরে লিখিত আবেদনও করা হয়।
শিক্ষকদের সেই দাবির পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করে সরকার। ফলে ঈদের আগে শনিবার থেকেই ছুটিতে গেল দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো।