এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহারের নির্দেশনা

আসন্ন এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থীদের জন্য ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহারের বিষয়ে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। 

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীরা নির্ধারিত ৮ মডেলের সায়েন্টিফিক নন–প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। অনুমোদিত মডেলগুলো হলো Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991EX, Fx-991ES, Fx-991ES Plus এবং Fx-991CW। এর বাইরে সাধারণ ক্যালকুলেটর ব্যবহারেরও সুযোগ থাকবে।

এছাড়া পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে কাঁটাযুক্ত নন–প্রোগ্রামেবল হাতঘড়ি ব্যবহার করতে পারবে। বিষয়টিকে জরুরি উল্লেখ করে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব এইচএসসি পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এইচএসসি পরীক্ষা উপলক্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা একটি বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে। এখান থেকে পরীক্ষাসংক্রান্ত তথ্য আদান–প্রদান, জরুরি যোগাযোগ ও সার্বিক সমন্বয় কার্যক্রম পরিচালিত হবে। কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর হলো ০২-২২৩৩৬৯৮১৫। যোগাযোগের জন্য মোবাইল নম্বর নির্ধারণ করা হয়েছে ০১৫৫০৪১১২০৩, ০১৭১৪৯৯৪০৭৩ ও ০১৭৫৬১০৩১৫২। ই–মেইল ঠিকানা হলো controller@dhakaeducationboard.gov.bd।

প্রসঙ্গত, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হয়ে লিখিত পরীক্ষা ৮ আগস্ট পর্যন্ত চলবে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার রুটিন ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে।