আন্তর্জাতিক মানের দক্ষ নাগরিক গড়াই সরকারের প্রধান লক্ষ্য

ঢাকার তেজগাঁও কলেজে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

অনুষ্ঠানে ববি হাজ্জাজ বলেন, ওয়ার্ল্ড ব্যাংকের একটি তথ্যমতে, বাংলাদেশের একজন গড় এইচএসসি শিক্ষার্থীর শিক্ষাগত দক্ষতা অনেক ক্ষেত্রে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর সমমানের। তিনি এ বাস্তবতাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বলেন, শুধু পরীক্ষায় পাস করানো নয়, প্রকৃত শিক্ষা এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য।

শিক্ষার মান অবনতির পেছনে দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা এবং সঠিক পরিকল্পনার অভাবকে দায়ী করে প্রতিমন্ত্রী বলেন, এর ফলে প্রতিবছর বহু শিক্ষার্থী ডিগ্রি অর্জন করলেও দেশের বাজারে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তিনি আরও বলেন, বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য না রেখে এমন অনেক বিষয়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী স্নাতক ডিগ্রি অর্জন করছে, যেখানে চাকরির সুযোগ তুলনামূলকভাবে কম।

ববি হাজ্জাজ বলেন, অতীতের মতো শুধু সনদনির্ভর শিক্ষা নয়, বরং শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি পুনর্গঠন করতে বর্তমান সরকার কাজ করছে। শিক্ষার্থীদের কেবল ডিগ্রিধারী নয়, দক্ষ, নৈতিক এবং বাস্তব কর্মজীবনের উপযোগী আন্তর্জাতিক মানের নাগরিক হিসেবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

তিনি জানান, সময়োপযোগী, ক্যারিয়ারমুখী ও দক্ষতাকেন্দ্রিক শিক্ষাকার্যক্রম সম্প্রসারণে জোর দেওয়া হবে। পাশাপাশি একটি উন্নত রাষ্ট্র গঠনের লক্ষ্যে শুধু মেধাবী নয়, সততা, মূল্যবোধ ও দায়িত্ববোধসম্পন্ন নাগরিক তৈরিতে শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।