সারা দেশে একযোগে শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অভিন্ন প্রশ্নপত্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে মাদ্রাসা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের সমমান পরীক্ষাও শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
পরীক্ষাকে সম্পূর্ণ স্বচ্ছ, নকলমুক্ত ও প্রশ্নফাঁস রোধে এবার নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি সরাসরি নজরদারির জন্য শিক্ষা মন্ত্রণালয়ে একটি ‘কেন্দ্রীয় মনিটরিং সেল’ গঠন করা হয়েছে। এছাড়া, কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের গায়ে থাকবে বডি-ওর্ন ক্যামেরা।
সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে। তবে পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে অর্থাৎ সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করা বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ কারণে কোনো পরীক্ষার্থী দেরিতে পৌঁছালে, তার তথ্য রেজিস্টারে লিপিবদ্ধ করে কেন্দ্রে ঢোকার অনুমতি দেওয়া হবে। প্রথম দিনে সাধারণ বোর্ডে বাংলা প্রথমপত্র, মাদ্রাসায় কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে বাংলা–২ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এবারের পরীক্ষায় মোট ৭৭টি বিষয়ের ওপর ২১ দিনব্যাপী পরীক্ষা নেওয়া হবে। তাত্ত্বিক পরীক্ষা শেষ হবে আগামী ৮ আগস্ট এবং এরপর ১৫ আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। এবার সারা দেশের ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষায় বসছে। বরাবরের মতোই সবচেয়ে বেশি ৩ লাখের বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, নতুন সংশোধিত পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী এবার পরীক্ষা সম্পন্ন হবে। নকল বা অনিয়মের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। কোনো কেন্দ্রে বিশৃঙ্খলা পাওয়া গেলে দায়িত্বরতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, কেন্দ্রের ২০০ গজের মধ্যে সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ডিএমপি। রাজধানীতে যানজটের কথা মাথায় রেখে পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই রওনা হওয়ার এবং কেন্দ্রের কিছুটা দূরে গাড়ি থেকে নেমে হেঁটে কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এইচএসসি পরীক্ষা ঘিরে সার্বিক সমন্বয় ও জরুরি যোগাযোগের জন্য ঢাকা শিক্ষা বোর্ড বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে। কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর- ০২-২২৩৩৬৯৮১৫।
এছাড়া যোগাযোগের জন্য ০১৫৫০৪১১২০৩, ০১৭১৪৯৯৪০৭৩ ও ০১৭৫6১০৩১৫২ নম্বর নির্ধারণ করা হয়েছে। ই–মেইল ঠিকানা: controller@dhakaeducationboard.gov.bd।