সব স্কুল-কলেজে নিয়মিত মনিটরিং করবেন মাঠপর্যায়ের কর্মকর্তারা

সব স্কুল-কলেজে মাউশির জরুরি নির্দেশনা

দেশের সকল স্কুল ও কলেজে শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধির লক্ষ্যে মনিটরিং কার্যক্রম জোরদার করার জরুরি নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) মাউশি অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখা থেকে জারি করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

মাউশির পক্ষ থেকে জানানো হয়েছে, স্ব-স্ব অঞ্চল ও দপ্তরের অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তদারকি নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

এই মনিটরিং কার্যক্রম জোরালোভাবে বাস্তবায়নের জন্য মাউশি’র মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক, দেশের সকল অঞ্চলের পরিচালক ও উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসারদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। মাঠপর্যায়ে নিয়মিত পরিদর্শনের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামগ্রিক পরিবেশ ও প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার বিষয়টি তদারকি করবেন এই কর্মকর্তারা।