যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক শিক্ষার্থী, গবেষক ও সাংবাদিকদের ভিসানীতিতে বড় ধরনের পরিবর্তন আনছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এতদিন ধরে চলে আসা কয়েক দশকের পুরোনো নিয়ম বাতিল করে এবার ভিসার ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক বিভাগ (ডিএইচএস)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিভাগটি এই সংক্রান্ত নতুন নিয়ম জারি করেছে ।
নতুন এই নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থী এবং বিনিময় কর্মসূচির আওতায় আসা অতিথিরা এখন থেকে সর্বোচ্চ চার বছরের জন্য ভিসা পাবেন। এর আগে নিয়ম ছিল, শিক্ষার্থীরা তাদের নির্দিষ্ট শিক্ষা কার্যক্রম বা কোর্স শেষ না হওয়া পর্যন্ত কোনো নির্দিষ্ট সময়সীমা ছাড়াই যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারতেন। এখন থেকে নির্ধারিত সময়ের বেশি থাকার প্রয়োজন হলে ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে অথবা নিজ দেশে ফিরে গিয়ে নতুন করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ডিএইচএস-এর প্রকাশিত তথ্যে জানা গেছে, নতুন এই নিয়ম অনুযায়ী বিদেশি সাংবাদিকেরা এক দফায় সর্বোচ্চ ২৪০ দিন দেশটিতে থাকার অনুমতি পাবেন। তবে চীনা সাংবাদিকদের ক্ষেত্রে এই সময়সীমা হবে মাত্র ৯০ দিন। ফেডারেল রেজিস্টারে প্রকাশের ৬০ দিন পর থেকে এই নিয়ম কার্যকর হবে, যার জন্য প্রথমে কংগ্রেসের পর্যালোচনার প্রয়োজন হবে।
বিগত বছরগুলোতে স্টুডেন্ট ভিসায় রেকর্ড সংখ্যক মানুষের যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং তাদের ওপর নজরদারি বজায় রাখার জটিলতাকে এই পরিবর্তনের কারণ হিসেবে দেখিয়েছে ডিএইচএস। তবে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিবাসন আইনজীবী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের মতে, নতুন এই নীতির কারণে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও গবেষণার খরচ ও জটিলতা অনেক বাড়বে, যা বৈশ্বিক মেধা চর্চার কেন্দ্র হিসেবে দেশটির আকর্ষণকে সংকুচিত করতে পারে। এছাড়া, আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাস থেকে শুরু হতে যাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি প্রক্রিয়ায় এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।