ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ২০ জুলাই ভোর ৬টা পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্যদের প্রবেশ এবং সাধারণ যানবাহনের প্রবেশে নিয়ন্ত্রণ থাকবে।
শনিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ জুলাই সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ২০ জুলাই ভোর ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য কোনো অতিথির ক্যাম্পাসে প্রবেশ সীমিত থাকবে। একই সময়ে ব্যক্তিগত যানবাহনের প্রবেশ ও চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ করা হবে।
তবে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহনের পাশাপাশি অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সাংবাদিক, রাইড-শেয়ারিং, খাদ্য সরবরাহকারী যান, অনলাইন শপিং ডেলিভারি এবং অন্যান্য সরকারি জরুরি সেবার যানবাহন নির্ধারিত প্রবেশপথ ব্যবহার করে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।
এ ছাড়া পলাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়কটি উন্মুক্ত থাকবে। তবে গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ আগের মতোই নিয়ন্ত্রিত থাকবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বকাপ ফাইনালকে কেন্দ্র করে বিপুলসংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা থাকায় ক্যাম্পাসের আইনশৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।