মাউশির জরুরি নির্দেশনায় কী বলা হয়েছে?

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ উপলক্ষে মাউশির আওতাধীন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে লোগো, রিলস, মাসকট, স্লোগান এবং থিম সং আহ্বান করা হয়েছে নির্দেশনায়।

সোমবার (২০ জুলাই) মাউশির শারীরিক শিক্ষা বিভাগ থেকে জারি করা এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হযেছে, ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে লোগো, রিলস, মাসকট, স্লোগান এবং থিম সং আহ্বান করা হয়েছে। প্রতিযোগিতাটিতে বিজয়ীদের স্বয়ং প্রধানমন্ত্রী পুরস্কৃত করবেন।

বিজ্ঞপ্তির নির্দেশনামতে, শিক্ষক ও শিক্ষার্থীদের তৈরি এসব সামগ্রী আগামী ২৮ জুলাইয়ের মধ্যে ই-মেইলের মাধ্যমে (hpmgoldcup@gmail.com) পাঠাতে হবে। ক্ষেত্রে বিশেষে ফরম্যাটের শর্ত বেঁধে দেওয়া হয়েছে; যেমন- লোগো পিএনজি, জেপিজি কিংবা জেপিইজি ফরমেটে পাঠাতে হবে। এছাড়া তৈরি করা রিলসটি অবশ্যই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ফুটবল খেলা সংক্রান্ত হতে হবে। অন্যদিকে, থিম সং লিখে ওয়ার্ড ও পিডিএফ ফরমেটে মেইল করতে বলা হয়েছে। মাসকট ও স্লোগানও ই-মেইলের মাধ্যমে জমা দিতে হবে।

মাউশি আরও জানিয়েছে, এসব তথ্যের সঙ্গে অংশগ্রহণকারীদের একটি সচল মোবাইল নম্বর এবং যোগাযোগের ঠিকানা সংযুক্ত করতে হবে। তবে স্বস্তির বিষয় হলো, যারা ইতোমধ্যে লোগো, রিলস কিংবা থিম সং জমা দিয়েছেন, তাদের নতুন করে পাঠাতে হবে না। জাতীয় পর্যায়ের এই বৃহৎ আয়োজনে শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সৃজনশীল অংশগ্রহণ নিশ্চিত করতেই মাউশির পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।